ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু ২০ মে

ভোটার তালিকা হালনাগাদের জন্য আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।
২০০৭ সালের ১ জানুয়ারি বা এর আগে যাঁদের জন্ম, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। শুরুতে ১৩৫টি উপজেলায় এই কার্যক্রম চালানো হবে।
আজ রোববার ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য জানান। যেসব নাগরিকের বয়স ১৮ বছর বা তার বেশি, তাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। আর ১৫ থেকে ১৮ বছরের নিচের বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করে রাখা হবে। বয়স ১৮ বছর পূর্ণ হলে তাঁদের ভোটার তালিকায় যুক্ত করা হবে।
একই সঙ্গে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এই কার্যক্রমে। এর আগে সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। ওই সময় একসঙ্গে তিন বছরের তথ্য সংগ্রহ করা হয়েছিল।





